সড়ক দুর্ঘটনায় আহত এ আর রহমানের ছেলে
বিনোদন ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমানের ছেলে আমিন। তবে চোট গুরুতর নয়, প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার সন্ধ্যায় কাঠিপাড়া ফ্লাইওভারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে আমিনের গাড়ি। কোয়েম্বাটোরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তার ‘পোর্শে’ গাড়ির সংঘর্ষ হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ‘ওয়াগনার আর’ পাশের রাস্তা থেকে মূল সড়কে ওঠার সময় আমিনের গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় গাড়িতে আমিনের এক বন্ধুও ছিলেন।সংঘর্ষে দুজনই সামান্য আহত হন।
দুর্ঘটনার পর আমিন ও তার বন্ধুকে কাবেরী হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকেই ছেড়ে দেওয়া হয়। পরে তারা বাড়ি ফিরে যান।
অন্যদিকে, ‘ওয়াগনার আর’-এ থাকা ব্যক্তিকেও দুর্ঘটনার পর একটি সুপার স্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকেও ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তদন্তের স্বার্থে দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই ‘আদিয়ার ট্রাফিক ইনভেস্টিগেশন উইং’য়ের পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।
এদিকে এ আর রহমানের ছেলে হিসেবে পরিচিতির বাইরে গিয়ে সংগীতজগতে নিজের আলাদা পরিচয় তৈরি করতে কাজ করে যাচ্ছেন আমিন। ২০১৫ সালে মণিরত্নমের একটি দক্ষিণী সিনেমার গানে প্লেব্যাক গায়ক হিসেবে তার অভিষেক হয়।
এরপর বিভিন্ন ভাষা ও ঘরানার সংগীতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন আমিন। বাবার আন্তর্জাতিক কনসার্ট সফরেও নিয়মিত মঞ্চে পারফর্ম করেন তিনি। সম্প্রতি রাম চরণ অভিনীত ‘পেড্ডি’ সিনেমার একটি গানের তামিল সংস্করণেও কণ্ঠ দিয়েছেন আমিন। পাশাপাশি বিভিন্ন মিউজিক অ্যালবামেও তার কণ্ঠ প্রশংসিত হয়েছে।