যশোরে যুবলীগ নেতা মুনসুর আলম গ্রেপ্তার
যশোর উপশহর এলাকার যুবলীগ নেতা মুনসুর আলমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার রাত ৩টার দিকে মণিরামপুর উপজেলার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুনসুর আলম যশোর উপশহরের সি-ব্লক এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবি পুলিশের এসআই বাবলা দাস বলেন, সম্প্রতি রাজারহাট এলাকায় অনুষ্ঠিত একটি মশাল মিছিলের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় মুনসুর আলমের নাম এজাহারভুক্ত রয়েছে। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। এ সময়ে তিনি বিভিন্ন নাশকতামূলক পরিকল্পনায় জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।
তার অবস্থান নিশ্চিত হওয়ার পর রবিবার রাতে মণিরামপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই বাবলা দাস।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, মুনসুর আলমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179510