বগুড়ায় নদীতে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের ফুলবাড়ী ইছাইদহ ব্রিজের কাছে বারুনি ঘাটে করতোয়া নদীতে পানিতে ডুবে শ্রাবন হোসেন (১৯) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
পরে বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী থেকে ডুবুরীদল এসে নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় বিপুল সংখ্যক মানুষ নদী পাড়ে ভিড় করে। সেই সাথে শ্রাবনের পরিবার ও আত্মীয়-স্বজন বিলাপ করতে থাকে। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এলাকার বাসিন্দা ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর রাজু হোসেন পাইকাড় জানান, ওই দিন দুপুর সোয়া ১টার দিকে বগুড়ার জয়নাল আবেদীন কর্মাস কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শ্রাবন হোসেন ও তার ৩-৪ বন্ধু মিলে নদীতে নেমে গোসল করছিলেন।
এক পর্যায়ে তারা নদী সাঁতরিয়ে পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এসময় সাঁতরিয়ে বন্ধুরা পশ্চিমপাশে নদীর পাড়ে উঠে পড়লেও শ্রাবন নিখোঁজ হন। সাতরিয়ে যাওয়ার সময় তিনি নদীর পানিতে ডুবে যান বলে তার বন্ধুরা জানান।
পরে তার বন্ধুরা নদীতে নেমে তাকে খোঁজাখুঁজি করেন। খবর পেয়ে স্থানীয় লোকজনও নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। সেইসাথে ফায়ার সার্ভিস এন্ড সিভিল সার্ভিস বগুড়ার সদস্যরা এসে উদ্ধার অভিযানে নামেন। এতে সবাই ব্যর্থ হলে রাজশাহী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিস থেকে ৫ সদস্যের ডুবুরিদলকে বগুড়ায় ডাকা হয়।
এরপর বিকেল সোয়া ৫ টার ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ডুবে যাওয়া শিক্ষার্থী শ্রাবনকে উদ্ধার করতে না পেরে উদ্ধার কার্যকম স্থগিত করা হয়। উদ্ধার অভিযানে অংশ নেয়া বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসের লিডার রেজাউল করিম বলেন, খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যত্রম শুরু করেন। কিন্তু তাদের বগুড়া অফিসে ডুবুরিদল নেই।
তাই রাজশাহী থেকে ডুবুরি দলকে ডাকা হয়। এরপর ডুবুরিদল বগুড়ায় এসে ওই নদীতে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ডুবুরিদের উদ্ধার কার্যক্রম চালিয়েও শ্রাবনকে উদ্ধার করা যায়নি। পরে ডুবুরিদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আগামীকাল মঙ্গলবার সকালে ডুবুরিদের কার্যক্রম আবারও শুরু করা হতে পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179503