কক্সবাজারে সীমান্তে অস্ত্র-গোলাবারুদসহ ২ লাখ ৪৬ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ঘুমধুম বিওপি জানতে পারে, নয়াপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারিরা মিয়ানমার থেকে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান বাংলাদেশে আনার চেষ্টা করছে।
এর ভিত্তিতে ৩৪ বিজিবির অধিনায়কের নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়।অভিযানের একপর্যায়ে সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179488