বরিশাল বোর্ডের ১৫ বিদ্যালয়ে শতভাগ পাস, পাঁচটিতে পাস করেনি কেউ
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় ১৫টি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী পাস করেছে। তবে পাঁচটি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর বোর্ডের ১৭টি বিদ্যালয়ে শতভাগ পাস করেছিল।
আজ সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ১ হাজার ৫১৫টি বিদ্যালয়ের মধ্যে ১৫টির সব পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে বরিশাল জেলায় সাতটি, পিরোজপুরে তিনটি, বরগুনায় দুটি, ভোলায় দুটি এবং ঝালকাঠিতে একটি বিদ্যালয় রয়েছে।
তিনি আরও জানান, বোর্ডের আওতাধীন ৯৩৯টি বিদ্যালয়ে ৫০ শতাংশের বেশি, তবে শতভাগের কম শিক্ষার্থী পাস করেছে। আর ৫৫৬টি বিদ্যালয়ে পাসের হার ৫০ শতাংশের নিচে।
এ ছাড়া বোর্ডের আওতাধীন তিন জেলার পাঁচটি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে বরিশাল জেলার দুটি, ঝালকাঠির দুটি এবং পিরোজপুরের একটি বিদ্যালয় রয়েছে।
শূন্য পাসের বিদ্যালয়গুলোর মধ্যে ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন, কাঁঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ছয়জন, পিরোজপুর সদর উপজেলার পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে আটজন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কেরামত গায়জাউদ্দীন নূরমোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন এবং মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ উচ্চ বিদ্যালয় থেকে সাতজন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
অর্থাৎ, এসব পাঁচ বিদ্যালয়ের মোট ৩৩ জন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের কেউ পাস করতে পারেনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179447