সিলেট বোর্ডে মানবিক বিভাগে বড় ধস, পাসের হার নেমেছে ৪৮ শতাংশে
সিলেট শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে মানবিক বিভাগে বড় ধরনের পতন দেখা গেছে। এ বিভাগে এবার পাসের হার নেমে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ১৬ শতাংশে। অর্থাৎ মানবিক বিভাগের অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী পাস করতে পারেননি।
সিলেট শিক্ষা বোর্ডের ২০২৫ ও ২০২৬ সালের ফলাফলের তুলনামূলক পরিসংখ্যান এবং চলতি বছরের ফলাফলসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে মানবিক বিভাগে মোট ৫৮ হাজার ২৪৭ জন পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় অংশ নেয় ৫৭ হাজার ৭৬০ জন। তাদের মধ্যে সব আবশ্যিক বিষয়ে ন্যূনতম জিপিএ ১ পাওয়ার শর্ত পূরণ করে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৮১৫ জন। সে হিসাবে পাসের হার ৪৮ দশমিক ১৬ শতাংশ।
অর্থাৎ মানবিক বিভাগের ২৯ হাজার ৯৪৫ জন পরীক্ষার্থী পাস করতে পারেনি।
মানবিক বিভাগের ফলাফলে সবচেয়ে বেশি চোখে পড়ছে এক বছরের ব্যবধান। ২০২৫ সালে এ বিভাগে পাসের হার ছিল ৬৪ দশমিক ৭১ শতাংশ। এবার তা কমে হয়েছে ৪৮ দশমিক ১৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৬ দশমিক ৫৫ শতাংশ।
সিলেট শিক্ষা বোর্ডের তিনটি বিভাগের মধ্যে মানবিকেই এবার সবচেয়ে কম পাসের হার। বিপরীতে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৪ দশমিক ০৩ শতাংশ। ফলে বিজ্ঞান ও মানবিক বিভাগের পাসের হারের ব্যবধান দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৬ শতাংশে।
মানবিক বিভাগে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। চলতি বছর মানবিক বিভাগে ছাত্রদের পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৫০ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ এ বিভাগে ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে ৫ দশমিক ৩৭ শতাংশ পয়েন্ট বেশি।
তবে সামগ্রিকভাবে মানবিক বিভাগের ফলাফলে বড় ধরনের পতন দেখা গেছে। বোর্ডের পাঁচ বছরের তুলনামূলক পরিসংখ্যানেও এ বিভাগের পাসের হার ধারাবাহিকভাবে কমার চিত্র পাওয়া যায়। ২০২২ সালে মানবিক বিভাগে পাসের হার ছিল ৭৩ দশমিক ৮০ শতাংশ, ২০২৩ সালে ৭০ দশমিক ৮৩ শতাংশ, ২০২৪ সালে ৬৮ দশমিক ৫০ শতাংশ, ২০২৫ সালে ৬৪ দশমিক ৭১ শতাংশ। এবার তা আরও কমে ৪৮ দশমিক ১৬ শতাংশে নেমেছে।
মানবিক বিভাগের ফলাফলে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। চলতি বছর এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১২০ জন।
অন্যদিকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬০৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১০৮ জন। বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগের অংশ খুবই কম।
সিলেট শিক্ষা বোর্ডে এবার সামগ্রিক পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। সেখানে মানবিক বিভাগের পাসের হার তার চেয়েও ১০ দশমিক ১৭ শতাংশীয় পয়েন্ট কম।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179446