রাজশাহী বোর্ডে সাত বছরের মধ্যে পাশের হার সর্বনিম্ন, কমেছে জিপিএ-৫

রাজশাহী বোর্ডে সাত বছরের মধ্যে পাশের হার সর্বনিম্ন, কমেছে জিপিএ-৫

স্টাফ রিপোর্টার : গত সাত বছরের মধ্যে ২০২৬ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে কম। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। রাজশাহী বোর্ডে কমেছে শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবং একবারেই পাশ করেনি এমন স্কুলের সংখ্যাও।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর রাজশাহী বোর্ড থেকে এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে ১ লাখ ৭৮ হাজার ৯৫২জন শিক্ষার্থী। এরমধ্যে ১ লাখ ৭৬ হাজার ৪৪জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬জন। পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। এবার এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩জন পরীক্ষার্থী। 

২০২৫ সালে রাজশাহী বোর্ড থেকে ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছিলো ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। পাশের হার ছিলো ৭৭ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ২২ হাজার ৩২৭জন শিক্ষার্থী। শতভাগ পাস করা প্রতিষ্ঠান ছিলো ৯৯টি। ওই বছর বোর্ডের অধীন সবক’টি প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীরা পাস করেছিলো। 

বোর্ড সূত্রে জানা গেছে,  ২০২৪ সালে রাজশাহী বোর্ডে পাশের হার ছিলো ৮৯ দশমিক ২৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিলো ২৮ হাজার ৭৪জন, ২০২৩ সালে পাশের হার ছিলো ৮৭ দশমিক ৮৯ শতাংশ এবং ওই বছর জিপিএ-৫ পেয়েছিলো ২৬ হাজার ৮৭৭জন, ২০২২ সালে এই বোর্ডে পাশের হার ছিলো ৮৫ দশমিক ৮৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলো ৪২ হাজার ৫১৭জন, ২০২১ সালে পাশের হার ছিলো ৯৪ দশমিক ৭১ শতাংশ এবং ওই বছর জিপিএ-৫ পেয়েছিলো ২৭ হাজার ৭০৯জন শিক্ষার্থী। ২০২০ সালে রাজশাহী বোর্ডে পাশের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলো ২৬ হাজার ১৬৭জন। 

রাজশাহী বোর্ডের তথ্য অনুযায়ী, গত সাত বছরের মধ্যে এবার কমেছে শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। এ বছর রাজশাহী বোর্ডে ৮টি জেলার এই বোর্ডের অধীনে ২ হাজার ৭১৩টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে মাত্র ৩৫টি স্কুলের শিক্ষার্থীরা। ২০২৫ সালে এই বোর্ডের ২ হাজার ৬৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। অপরদিকে ২০২৪ সালে বোর্ডের ২ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে শতভাগ পাশ করেছিলো ২৮৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

২০২৩ সালে বোর্ডের ২ হাজার ৬৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছিলো ১৭৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ২০২২ সালে বোর্ডের ২ হাজার ৬৭৮টি প্রতিষ্ঠানের অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে শতভাগ পাশ করেছিলো ১৪৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২০২১ সালে বোর্ডের ২ হাজার ৬৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছিলো ৩৯৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২০২০ সালে রাজশাহী বোর্ডে ২ হাজার ৬৫২টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছিলো ৩০৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

এদিকে গত সাত বছরের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এবারই সর্বাধিক সংখ্যক প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থীই পাস করেনি। এবার এই বোর্ডের ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করেনি। ২০২৫ সালে এটি ছিলো একেবারে শূন্যের কোঠায়। ২০২৪ সালে ২টি এবং ২০২৩ সালে ১টি এবং ২০২২ সালে ২টি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। ২০২১ ও ২০২০ সালে এটি ছিলো শূন্যের কোঠায়।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার ফল লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। সে হিসেবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার ফল প্রকাশ করছে শিক্ষা বোর্ডগুলো।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179437