কেন ইতালির দায়িত্ব নেননি গার্দিওলা? যা বললেন মালদিনি 

কেন ইতালির দায়িত্ব নেননি গার্দিওলা? যা বললেন মালদিনি 

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকে বিদায় বলা পেপ গার্দিওলাই নিতে যাচ্ছেন ইতালির দায়িত্ব, এমনটাই ভাবা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তা হয়নি। কিন্তু কেন ইতালির দায়িত্ব নিতে চাননি তিনি? ইতালির সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানালেন পেছনের সেই খবরটাই।

ইতালিয়ান সংবাদমাধ্যম ‘কোরিয়েরে দেলা সেরা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলার সঙ্গে হওয়া বৈঠকের গল্পটা শুনিয়েছেন মালদিনি। স্পেনের বার্সেলোনায় উড়ে গিয়ে পেপের সঙ্গে দেখা করেছিলেন মালদিনি ও লিওনার্দো। তাদের মূল লক্ষ্য ছিল গার্দিওলাকে ইতালি জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে রাজি করানো। যদিও শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টা সফল হয়নি। পরে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে নীতিগত দ্বিমতের কারণে পদত্যাগ করেন মালদিনি ও লিওনার্দোও।

তখন সংবাদমাধ্যমে প্রচার হয়েছিল, গার্দিওলা নাকি বার্ষিক দুই কোটি ইউরো পারিশ্রমিক দাবি করেছিলেন। এই তথ্য সরাসরি উড়িয়ে দিয়েছেন মালদিনি। মালদিনি বলছেন, গার্দিওলা নিজেই তাদের বলেছিলেন, ইতালির সর্বশেষ কোচ যা পারিশ্রমিক পেতেন, তার চেয়ে ১ ইউরো কম দিলেও তিনি কাজ করতে রাজি। তাহলে কেন শেষ পর্যন্ত রাজি হলেন না পেপ? মালদিনি জানান, মূল কারণ ছিল মানসিক ক্লান্তি। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১০ বছর কাজ করার পর গার্দিওলার কিছুটা বিশ্রামের প্রয়োজন ছিল। তাও তাদের আলোচনা থেমে থাকেনি।

অনূর্ধ্ব-১৭ পর্যায় থেকে শুরু করে মূল দল, সব স্তরের ফুটবল নিয়ে বিশ্লেষণ করেছিলেন তারা। গার্দিওলা নাকি কাগজের পাতায় দলের সম্ভাব্য ফরমেশন আঁকতেও শুরু করে দিয়েছিলেন! তবে চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে ‘না’ বলে দেন এই স্প্যানিশ কোচ। মালদিনি জানান, ইতালির ফুটবলে তারা ইয়োহান ক্রুইফের পথে হাঁটতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179433