উদযাপন করতে গিয়ে গর্তে ব্রাজিলের ফুটবলার, পরে বাতিল সেই গোলও
স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের ঘরোয়া ফুটবলে করিতিবা ও শাপেকোয়েন্সের ম্যাচে গোল করা ফুটবলার উদযাপন করতে গিয়ে বিজ্ঞাপনের বোর্ড টপকে পড়ে যান টানেলের গর্তে। জাসি মারানহাও নামের সেই ফুটবলার গোল করেই শুরু করেন উদযাপন। আর তখনই ঘটে এই ঘটনা।
কুতু পেরেইরা স্টেডিয়ামে তবে এরচেয়ে অদ্ভুত ঘটনা ঘটেছে ভিএআর যাচাই করে গোল বাতিলের সিদ্ধান্ত আসাটা। গোল করে উল্লাসিত ডিফেন্ডার জাসি মারানহাও। গোল করার পর বিজ্ঞাপন বোর্ড লাফিয়ে পেরিয়ে যাওয়ার চিন্তা করেন তিনি। কিন্তু এর পেছনে যে, স্টেডিয়ামের টানেলের প্রবেশপথ, তিনি সেটা বুঝতে পারেননি। বোর্ড পার হওয়ার সঙ্গে সঙ্গেই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এই ডিফেন্ডার। কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরার আড়ালে চলে যান তিনি। আশপাশের লোকজনও বুঝে উঠতে পারেননি, ঠিক কী ঘটেছে।
তবে তার দুর্ভাগ্য সেখানেই শেষ হয়নি। কয়েক সেকেন্ডের মধ্যেই ভিএআর গোল যাচাই শুরু করলে ঘটে আরেক অদ্ভুত ঘটনা। রেফারি জানান, গোলের সময় অফসাইডে ছিলেন মারানহাও। ফলে বাতিল হয়ে যায় তার গোল। অর্থাৎ যে গোল উদযাপন করতে গিয়ে টানেলে পড়ে গেলেন, শেষ পর্যন্ত সেটি স্কোরবোর্ডেই জায়গা পেল না! ডান গোড়ালিতে বরফ লাগিয়ে পরে তাকে বদলি বেঞ্চে বসে থাকতে দেখা যায়। ম্যাচ শেষে অবশ্য মারানহাও জানান, তিনি ঠিক আছেন।
শেষ পর্যন্ত শাপেকোয়েন্সকে ২-১ গোলে হারিয়েছে করিতিবা। কিন্তু ম্যাচের ফলাফলের চেয়েও মারানহাওয়ের অদ্ভুত গোল উদযাপন, টানেলে পড়ে যাওয়া এবং এরপর ভিএআরে গোল বাতিলের ঘটনাই এখন আলোচনার কেন্দ্রে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179431