রিমান্ডে এনসিপি’র বহিস্কৃত নেতা গাজী সালাউদ্দিন
কোর্ট রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন আহমদে তানভীরকে (৪২) তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান আদালতে আসামির উপস্থিতিতে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ঢাকার মিরপুরে মনিপুরি পাড়ার একটি বাড়ি থেকে ৫ আগস্ট ভোরে গ্রেফতার করা হয়। ঢাকা থেকে গ্রেফতার করে আনার পর ওই দিন তাকে বগুড়ায় আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে আদালত তাকে জেলাহাজতে প্রেরণের আদেশ দেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি ও মানহানিকর পোস্ট দেন। স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র ক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনার প্রেক্ষিতে বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদি হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179429