আমরা ইরানের সঙ্গে কেবল দর-কষাকষি করছি : ট্রাম্প

আমরা ইরানের সঙ্গে কেবল দর-কষাকষি করছি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কেবল আংশিক দর-কষাকষি করছে। কারণ, অর্থনৈতিক চাপ সামলাতে তেহরান কতটা হিমশিম খাচ্ছে, তা এখন তারা পর্যবেক্ষণ করছে। রোববার নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প জানান, ওয়াশিংটন এখন এ বিষয়ে তেমন কোনো প্রচার ছাড়াই এগিয়ে নেওয়ার নীতিতে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, আমরা তাদের সঙ্গে কেবল অর্ধেক দর-কষাকষি করছি। আমরা শুধু ইরানকে দেখছি, তাদের বিশাল মূল্যস্ফীতি রয়েছে এবং তাদের হাতে কোনো টাকা নেই। ট্রাম্প জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণেই ইরান এখন খুবই খারাপ অবস্থায় পড়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, সরাসরি যুদ্ধ চলাকালে তেহরান হয়তো সাময়িকভাবে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এড়িয়ে যেতে পারে। কিন্তু এখন যেহেতু হামলা বন্ধ আছে, তাই বাধ্য হয়েই তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থার কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। আর এর কোনো সহজ সমাধানও তাদের হাতে নেই।

অ্যাক্সিওস জানিয়েছে, ওমানের সঙ্গে জলপথটি পুনরায় খুলে দেওয়ার চুক্তি চূড়ান্ত করতে তেহরানের অনিচ্ছার বিষয়ে ট্রাম্প কোনো হতাশা প্রকাশ করেননি। ট্রাম্প বলেন, সব ঠিক হয়ে যাবে। সব সময় ঠিক হয়েই যায়। এটা অনেকটা দাবা খেলার মতো। এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান মোহাম্মদ বাঘের জোলকাদর বেশ কয়েকটি শর্তের কথা তুলে ধরেছিলেন। ওমান-ইরান চুক্তি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রকে এসব শর্ত মেনে চলার দাবি জানিয়েছে তারা।

এসব দাবির মধ্যে রয়েছে ইরানকে হুমকি দেওয়া বা অপমান করা থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে ইরানের মিত্রদের সঙ্গে সব যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে, নৌ অবরোধ তুলে নিতে হবে এবং ইরানের আটকে থাকা সব তহবিল ছেড়ে দিতে হবে। সূত্র : দ্য জেরুজালেম পোস্ট

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179420