নওগাঁর মান্দায় বৃদ্ধকে তুলে নিয়ে ইটভাটায় নির্যাতনের অভিযোগ

নওগাঁর মান্দায় বৃদ্ধকে তুলে নিয়ে ইটভাটায় নির্যাতনের অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে ইটভাটায় তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ভাটামালিক মকছেদ আলী ও তার লোকজনের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত নয়টায় উপজেলার গণেশপুর ইউনিয়নের মীরপুর এলাকায় হাজেরা ব্রিকস নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম আজিজার রহমান (৬১)। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে ইটভাটা থেকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, গোবিন্দপুর গ্রামের সোহেল রানার সাথে সতিহাট বাসস্ট্যান্ড এলাকার কিছু জমি নিয়ে ভাটামালিক মকছেদ আলীর দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। আজিজার রহমান সোহেল রানার পক্ষে জমিসংক্রান্ত কাগজপত্র দেখাশোনা করতেন। এ কারণে মকছেদ আলী ও তার লোকজন তাকে হুমকি দিয়ে আসছিলেন।

গতকাল শনিবার রাত নয়টায় বিনয়বাজার থেকে বাড়ি ফেরার পথে আছির মোল্লার বাড়ির সামনে পৌঁছালে ১৫ থেকে ২০টি মোটরসাইকেল তার পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মীরপুর এলাকায় হাজেরা ব্রিকস নামের ইটভাটায় তুলে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে।

মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179409