বগুড়ায় নানা আয়োজনে আদিবাসী দিবস পালিত

বগুড়ায় নানা আয়োজনে আদিবাসী দিবস পালিত

শহর প্রতিনিধি : আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বগুড়ায় পৃথক সমাবেশ, র‌্যালি ও পথনৃত্য করেছে জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ এবং বাংলাদেশ আদিবাসি ইউনিয়ন বগুড়া জেলা কমিটি। আজ রোববার (৯ আগস্ট) দুপুরে সাতমাথায় সংগঠনগুলির আয়োজনে অংশ নেন আদিবাসি জনগোষ্ঠীর মানুষ।

সকালে সাতমাথার দক্ষিণে বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ এবং বাংলাদেশ আদিবাসি ইউনিয়ন বগুড়া জেলা কমিটির যৌথ আয়োজনে আদিবাসি সমাবেশ ও আলোচনায় অংশ নেন আদিবাসি গবেষণা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। এছাড়াও আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু ও বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি চন্দন চক্রবর্তী, জাতীয় আদিবাসি পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি বিমল রবিদাস, সাধারণ সম্পাদক সুব্রত মালাকার এবং লাইট হাউস বগুড়ার প্রতিনিধি সিদ্দিকুল আলম মামুন।  

এদিকে, বাংলাদেশ আদিবাসি ইউনিয়ন বগুড়া জেলা শাখার আয়োজনে বগুড়া মহানগরের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সারেন। এছাড়াও আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসি ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা জিন্নাতুল ইসলাম জিন্নাহ, আসলাম খান, আমিনুল ফরিদ প্রমুখ।  

সমাবেশগুলোতে বক্তারা বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আদিবাসীদের অধিকার সংরক্ষণের জন্য দেশ স্বাধীনের আগে পরে এবং আজ পর্যন্ত কোনও সরকারই কার্যকর পদক্ষেপ নেয়নি।  আদিবাসিদের ভূমি উচ্ছেদ, দখল বন্ধ করতে হবে।

আদিবাসিদের অধিকার আদায়ে আদিবাসি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে এবং ভবিষ্যতে তাদের উপর যে কোন হামলা, মামলা হলে তা  প্রতিরোধের জন্য সকলকে প্রস্তুত থাকারও আহবান জানানো হয়।

শেষে আদিবাসিদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ পথনৃত্য অনুষ্ঠিত হয়। আদিবাসিদের ঐতিহ্যবাহী তীর ধনুক ও মাথাল নিয়ে ঢাক ঢোলের বাদ্যযন্ত্রের তালে পথনৃত্য হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179406