বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : ডিবি পুলিশ বগুড়া মহানগরের বড়গোলা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো বগুড়া মহানগরের উত্তর গোদারপাড়া এলাকার ইমরান হোসেন (৩১) এবং নামাজগড় (ডালপট্টি) এলাকার শুভ্র প্রসাদ (৩২)।
ডিবির (ওসি) ইকবাল বাহারের নেতৃত্বে একটি দল বড়গোলা এলাকায় সন্দেহজনকভাবে একটি পাটের বাজারের ব্যাগ নিয়ে অবস্থান করায় ইমরান ও শুভ্রকে গ্রেফতার করে। পরে উপস্থিত লোকজনের সামনে ব্যাগটি তল্লাশি করে একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি বিশেষ কৌশলে কসটেপ দিয়ে মোড়ানো ছিল।
সেটি খুলে ১০টি ছোট পলিথিনের প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০০টি করে মোট এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179396