গাইবান্ধার সুন্দরগঞ্জে ইঁদুর-উইপোকা নষ্ট করলো কৃষকের স্বপ্ন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষক তোফাজ্জল হোসেন ভাটিয়ার (৭৪) কাঠের আলমারিতে দীর্ঘদিন ধরে সঞ্চয় করে রাখা প্রায় দুই লাখ টাকা কেটে ছিন্নভিন্ন করে ফেলেছে ইঁদুর ও উইপোকা। ভুক্তভোগী উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের বাসিন্দা।
আজ রোববার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার। গত শুক্রবার বিকেলে আলমারিতে টাকা রাখতে গিয়ে সঞ্চয়কৃত টাকা নষ্ট হওয়ার বিষয়টি দেখতে পান তোফাজ্জল হোসেন। গতকাল শনিবার এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। একসময় ঢাকায় রিকশা চালিয়েও অর্থ উপার্জন করেছেন তিনি। তোফাজ্জল হোসেন বলেন, তিন মেয়ে ও স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে টাকাগুলো জমিয়েছি। জানতাম না এভাবে সব নষ্ট হয়ে যাবে।
এই টাকা আমার কাছে শুধু টাকা ছিল না, ছিল অনেক দিনের পরিশ্রম ও ভবিষ্যতের স্বপ্ন। এখন আমি একেবারে নিঃস্ব। তিনি আরও জানান, এতে জমি বন্ধকের টাকাও ছিল। সরকারের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন। তা না হলে পরিবার নিয়ে খুব কষ্টে পড়তে হবে।
স্থানীয় বাসিন্দা খলিল মিয়া বলেন, ঘরে নগদ টাকা রাখলে তা নিরাপদে সংরক্ষণ করা জরুরি। পুরোনো কাঠের আলমারিতে টাকা রাখার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইউপি সদস্য ছোবেদ আলী বলেন, তোফাজ্জল হোসেন খুবই অসহায়।
চর এলাকা থেকে এসে এখানে বসবাস শুরু করেছেন। তেমন জায়গাজমিও নেই। ভবিষ্যতের কথা চিন্তা করেই কষ্ট করে টাকা জমিয়েছিলেন।
টাকাগুলো নষ্ট হওয়ায় তার পরিবার চরম বিপাকে পড়েছে। দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার বলেন, কৃষকের টাকাগুলো ইঁদুর ও উইপোকা এমনভাবে কেটেছে, যা চলার মত না। কীভাবে কৃষকের পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টা করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179389