জয়পুরহাটের পাঁচবিবিতে স্বেচ্ছাশ্রমে পানি নিস্কাশনের পথ পরিস্কার করে আমন চাষ

জয়পুরহাটের পাঁচবিবিতে স্বেচ্ছাশ্রমে পানি নিস্কাশনের পথ পরিস্কার করে আমন চাষ

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর, ধরঞ্জী, যোগাইপুর, বাগুয়ান, পাড়ইল, সমসাবাদ, রামনগর মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে ছিলেন কৃষকরা। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকত জমি। ফলে সময়মতো আমন ধান রোপণ করতে পারতেন না কৃষক। তবে কৃষকদের স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশনের পথ পরিষ্কার করায় এখন সেই মাঠগুলোতে ফিরেছে প্রাণচাঞ্চল্য।

স্থানীয় কৃষকরা জানান, মাঠের আশপাশের বিভিন্ন কালভার্ট ও পানি নিষ্কাশনের পথ বন্ধসহ কচুরিপানা জমে পানি চলাচল বন্ধ হয়ে যায়। এতে বর্ষা মৌসুমে মাঠের পানি বের হতে না পেরে দিনের পর দিন জলাবদ্ধতা সৃষ্টি হতো। ইরি-বোরো মৌসুমেও বৃষ্টির পানি জমে ধান তলিয়ে যাওয়ার ঘটনা ঘটত।

এ অবস্থায় স্থানীয় কৃষকরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে প্রায় এক থেকে দেড় কিলোমিটার পানি নিষ্কাশনের পথ পরিষ্কার করেন। একই সঙ্গে বিভিন্ন কালভার্ট ও পানি চলাচলের মুখ খুলে দেওয়া হয়। এতে দ্রুত মাঠের পানি নিষ্কাশিত হওয়ায় কৃষকরা এবার আমন ধান রোপণ করতে পেরে আনন্দিত।

সমসাবাদ গ্রামের কৃষক মাসুম বলেন, বর্ষা মৌসুমে মাঠে পানি জমে থাকার কারণে আমরা সময়মতো আমন ধান রোপণ করতে পারতাম না। এবার পানি বের হওয়ার ব্যবস্থা হওয়ায় ধান রোপণ করতে পেরে আমরা খুব খুশি। কৃষক নুরুল ইসলাম (জামিল) বলেন, দীর্ঘদিন ধরে মাঠে পানি জমে থাকার কারণে কৃষকদের অনেক ক্ষতি হয়েছে।

নিজেরাই উদ্যোগ নিয়ে পানি চলাচলের পথ পরিষ্কার করায় এবার পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বলেন, কৃষকদের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা সমাধানে তারা নিজেরাই পানি নিষ্কাশনের পথ পরিষ্কার করেছে। তারা জানান, বর্তমানে পানি নিষ্কাশনের পথ পরিষ্কার হওয়ায় মাঠের জলাবদ্ধতা অনেকটাই কমেছে।

তবে বর্ষা মৌসুমে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পানি নিষ্কাশনের নালা খনন ও ড্রেন নির্মাণের দাবি জানান ইউনিয়নবাসী।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179386