চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত একটি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বসতবাড়িতে মজুদ করা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া না গেলেও উদ্ধার হয়েছে একটি অবিস্ফোরিত তাজা ককটলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গিধনিপাড়া গ্রামে সোলেমান আলীর ছেলে এমদাদাদুল হকের (৫২) আধাপাকা বসতবাড়ির একটি অসম্পূর্ণ ঘরে (চালাবিহীন) একটি লাল বালতির ভেতরে রাখা অন্তত: ৪/৫টি ককটেলের একসাথে বিস্ফোরণ ঘটে। এতে বাড়ি বিধ্বস্ত হবার মত কোন ঘটনা না ঘটলেও বিকট শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ঘরের মেঝে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। সদর থানার পরিদর্শক (অভিযান) আব্দুর রউফ বলেন, ঘটনার পর এমদাদুল সপরিবারে পলাতক রয়েছেন। স্থানীয়ভাবে তিনি গ্রাম্য রাজনীতিতে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পূর্ণ তদন্ত ও এমদাদুলকে গ্রেফতারের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান পুলিশ কর্মকর্তা রউফ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179380