বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
আদিবাসীদের জীবন, জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণের আহ্বানে বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
আজ রোববার (৯ আগস্ট) সকালে জেলা শহরের রাজার মাঠে “আদিবাসী সমাজের সৃজনশীল শক্তি প্রয়োগ” প্রতিপাদ্যকে সামনে রেখে এই দিবসের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাহাড়ি জনগোষ্ঠীর নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা নিজ নিজ জাতিসত্তার ঐতিহ্যবাহী পোশাকে রাজার মাঠে সমবেত হন। বান্দরবান আদিবাসী ফোরামের সভাপতি ডা. মং উসাথোয়াইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।
আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়ন অত্যন্ত জরুরি। একই সঙ্গে তাঁরা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, ভূমির অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও জীবন-জীবিকার সুযোগ সম্প্রসারণ এবং পার্বত্য এলাকার মানুষের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানান। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি ও জনজীবনের নানা সমস্যা সমাধানে প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং পার্বত্য জেলায় অবৈধভাবে বসবাসকারীদের অবিলম্বে উচ্ছেদ করতে হবে।
আলোচনা সভা শেষে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মারমা, চাকমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, বম, খুমী, লুসাইসহ জেলার ১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণী এবং বিভিন্ন পাহাড়ি সংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে অংশ নেন। বিভিন্ন জাতিসত্তার ঐতিহ্যবাহী পোশাক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের নানা রঙে সাজানো র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার রাজার মাঠে এসে শেষ হয়। দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ের বিভিন্ন জাতিসত্তার সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা এবং অধিকার ও অস্তিত্ব সংরক্ষণের জোরালো দাবি তুলে ধরা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179343