রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে পড়ে শিশুর মৃত্যু
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে পড়ে রোহান নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৯ আগস্ট) সকালে নিখোঁজ হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর দুপুরে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের জালিয়াটারী এলাকায় ঘাঘট নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রোহান উপজেলার বড়বিল ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার জুয়েলের ছেলে। সে মা রেজিয়ার সঙ্গে নানাবাড়ি বেতগাড়ীর শাতআনী এলাকায় থাকত।
স্থানীয়রা জানান, সকালে ঘাঘট নদীর পাড়ে খেলতে যায় রোহান। সকাল ৭টার দিকে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রাও শিশুটির সন্ধানে আশপাশের এলাকায় খোঁজ করেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা ঘাঘট নদীতে একটি শিশুর লাশ দেখতে পান। পরে লাশটি নিখোঁজ রোহানের বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
রোহানের মা রেজিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সকালে খেলতে গেছিল, ভাবছিনুং খেলা করে আবার বাড়ি আসবে। কিন্তু আমার বাবাটা আর ফিরিল না। কত খুঁজলাম, কত ডাকলাম কোথাও পেলাম না। পরে নদী থেকে আমার বাবার লাশ পাইছি। বাবারে, কেন গেলু তুই নদীত? এ বুকখান খালি করি আল্লাহ আমার এই ছোট্ট বাবাটাক ছাড়া মুই কেমনে থাকিম?’
এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179327