বাবা হারানো মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল
স্পোর্টস ডেস্ক : পিতা হোর্হে মেসির প্রয়াণে শোকস্তব্ধ লিওনেল মেসি ছিলেন না মাঠে। অধিনায়ককে ছাড়া খেলতে নেমে লিগস কাপে পরাজয়ের তেতো স্বাদ পেয়েছে ইন্টার মিয়ামি। শনিবার ঘরের মাঠে মেক্সিকান ক্লাব মনতেরের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে স্বাগতিকরা।
আর্জেন্টিনায় ৬৮ বছর বয়সে পরলোকগমন করেছেন হোর্হে মেসি। বাবাকে শেষবিদায় জানাতে শনিবার রাতেই নিজ দেশ আর্জেন্টিনায় পৌঁছেছেন মিয়ামি অধিনায়ক। ম্যাচের বাঁশি বাজার আগে দুই দলের খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করে হোর্হে মেসির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এক শোকবার্তায় ইন্টার মিয়ামি জানিয়েছে, ‘আমাদের হৃদয়ের সমস্ত সহানুভূতি অধিনায়ক লিও ও পুরো মেসি পরিবারের সঙ্গে রয়েছে।’
ঘরের মাঠে ম্যাচের শুরুটা অবশ্য মন্দ হয়নি মেক্সিকান ক্লাবটির বিপক্ষে। মেসির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেন তার জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দি পল। ৩২তম মিনিটে কাসেমিরোর পাস থেকে গোল পান দি পল। এ সময় জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করেন তিনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে সফরকারীরা। ৪৭তম মিনিটে বেলজিয়ান স্ট্রাইকার হুগো কুইপার্স গোল করে মনতেরেকে সমতায় ফেরান (১-১)। ম্যাচের অন্তিম মুহূর্তে গিয়ে বিপর্যয় ঘটে মিয়ামির। ৯০তম মিনিটে উরুগুয়ান ফরোয়ার্ড দিয়েগো রসি লক্ষ্যভেদ করলে ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মনতেরে।
এমএলএস চ্যাম্পিয়ন মিয়ামি অবশ্য গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আতলেতিকো সান লুইসকে ৪-২ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছিল। আগামী বুধবার তাদের পরবর্তী প্রতিপক্ষ লিওঁ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179313