যশোরে শিশুর হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো মায়ের লাশ উদ্ধার
মফস্বল ডেস্ক : যশোরের বাঘারপাড়ায় মা ও ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজ ঘরের খাটের ওপর পড়ে ছিল গামছা দিয়ে হাত-পা বাঁধা শিশু জিসানের (৬) মরদেহ এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল মা জুবায়দা (৩২)। তবে ওড়নার দুই প্রান্ত ছিল জুবায়দার দুই হাত। ফলে এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-ছেলের মরদেহ উদ্ধার করে। মৃত জুবায়দা খাতুন ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী এবং জিসান তাদের ছয় বছরের ছেলে।
জুবায়দার ছোট বোন পিনজিরার দাবি, জাকির দীর্ঘদিন বিদেশে ছিলেন। এক বছর আগে দেশে ফেরেন। জাকিরের ভাই শিহাবের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি।
বাঘারপাড়া থানার পুলিশ পরিদর্শক এসআই পলাশ জানান, ঘটনাস্থলের পরিস্থিতি দেখে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179303