দিনাজপুরের বীরগঞ্জে আমন ধানের আগাছা পরিচর্যায় ব্যস্ত কৃষক

দিনাজপুরের বীরগঞ্জে আমন ধানের আগাছা পরিচর্যায় ব্যস্ত কৃষক

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আমন মৌসুমে ধানের ক্ষেতে আগাছা পরিস্কার ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভালো ফলনের আশায় সকাল থেকে বিকেল পর্যন্ত তারা মাঠে কাজ করছেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

কৃষক আকবর আলীর সাথে কথা বলে জানা যায়, কয়েকদিনের বৃষ্টি ও অনুকূল আবহাওয়ায় ধানের পাশাপাশি আগাছাও দ্রুত বৃদ্ধি পেয়েছে। এসব আগাছা ধান গাছের প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি শোষণ করে নেয়, ফলে ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই সময়মতো আগাছা পরিস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কৃষকরা।

এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো শরিফুল ইসলাম জানান, সঠিক সময়ে আগাছা দমন, সুষম সার প্রয়োগ এবং প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা হলে আমন ধানের উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের নিয়মিত মাঠ পরিদর্শন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179272