বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার জেরে ভারতীয়কে আটক করেছে স্থানীয়রা
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে ভুল করে ভারত সীমান্তে ঢুকে পড়ায় এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এরই জেরে গতকাল শনিবার সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে এক ভারতীয় নাগরিককে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা।
ভারতীয় ওই নাগরিকের নাম দীপঙ্কর গোপ(৩০)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকালে দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপাশের একটি চা-বাগানে কাজ করতে আসেন।
এক পর্যায়ে তিনি বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।
এর আগে, গত বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন(৭৮) গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। এক পর্যায়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে ভারতীয় বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, তমিজ উদ্দীন কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে যাওয়ার পর বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। যদি বিএসএফ তাকে ফিরিয়ে দেয় তবে তারা ভারতীয় এই ব্যক্তিকে ফেরত দেবেন।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179264