বগুড়ার ধুনটে ফ্যামিলি কার্ড সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ঘোষণা

বগুড়ার ধুনটে ফ্যামিলি কার্ড সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ঘোষণা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরাফাত রহমান জনি এবং ছাত্রদল নেতা কর্মীর একাংশ।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমানের নেতৃত্বে মিছিলটি ধুনট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহরের হোটেল রাহাদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা আগামীকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, যুবদল নেতা বিপুল হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, শামীম, আলাল মিয়া, আরিফ হোসেন, সোহাগ হোসেন, পৌর ছাত্রদলের যুুুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মিশন, সোহাগ বাবু, ধুনট সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল হোসেন, যুগ্ম সম্পাদক মুজাইদ হাসান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রদল নেতা সিয়াম হোসেন ও ফেরদৌস হাসান।

বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উল্লেখ্য এ উপজেলায় ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে ১ হাজার ৫০১জন আবেদন করেন। উপজেলা প্রশাসন পরীক্ষায় নিয়ে তথ্য সংগ্রহকারী ১২৯ জন এবং সুপারভাইজার পদে ১৪ জনকে নিয়োগ দেন।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, সরকারি বিধিমোতাবেক নিয়োগ পরীক্ষা নিয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179252