নূসরাতের অতিথি হয়ে পুরোনো দিনের গান গাইলেন তানজিন মিথিলা

নূসরাতের অতিথি হয়ে পুরোনো দিনের গান গাইলেন তানজিন মিথিলা

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিন মিথিলা। সঙ্গীতাঙ্গনে যখন তার ক্যারিয়ার শুরু হয়, সেই সময়টাতে সরাসরি টিভিতে গান গাওয়ার সুযোগ দিয়েছিলো ‘মোহনা টিভি’। যে কারণে এই সময়ে গানকে ঘিরে বছরজুড়ে ব্যস্ত থাকলেও ‘মোহনা টিভি’ থেকে যখন তাকে সরাসরি গানের অনুষ্ঠানে গান পরিবেশন করার জন্য ডাকা হয়, তখন বেশ আন্তরিকতা নিয়েই তিনি মোহনা টিভির আয়োজনে অংশগ্রহন করেন।

সেই ধারাবাহিকতায় তানজিন মিথিলা আজ সকালে মোহনা টিভির একটি অনুষ্ঠানে অংশগ্রহন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এই প্রজন্মের দর্শকপ্রিয় উপস্থাপিকা নূসরাত জাহান।

মিথিলা জানান, নূসরাতের আমন্ত্রণে মোহনা টিভির অনুষ্ঠানে যে গানগুলো তিনি গেয়েছেন সেগুলো হচ্ছে ‘তোমার খোলা হাওয়া’,‘ কী নামে ডেকে বলবো তোমাকে’,‘ বলছি তোমার কানে কানে’,‘ আকাশ মেঘে ঢাকা’,‘ মনেরও রঙ্গে রাঙ্গাবো’,‘ তুমি মিষ্টি করে দুষ্টু বলো’,‘ ঐ ঝিনুক ফোটা সাগর বেলা’,‘ আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো’ গানগুলো।

তানজিন মিথিলা বলেন,‘ মোহনা টিভির প্রতি আমার গানের ক্যারিয়ারের শুরু থেকেই একটা অন্যরকম ভালোলাগা ছিলো। শিল্পী হিসেবে যখন আমাকে কেউ কেমন চিনতো না সেই সময় মোহনা টিভি আমাকে ডেকে ডেকে নানান ধরনের অনুষ্ঠানে গান গাইবার সুযোগ করে দিয়েছিলো। যে কারণে পরবর্তীতে আমি যতোই ব্যস্ত হয়ে উঠিনা কেন, আমি চেষ্টা করি মোহনা টিভির আহ্বানে সাড়া দিতে।’

নূসরাত জাহান বলেন,‘ মোহনা টিভিতে আমি দীর্ঘদিন ধরেই উপস্থ্পনা করি। আজকের আয়োজনে তানজিন মিথিলা’র কন্ঠে পুরোনো দিনের গানগুলো বেশ ভালো লেগেছিলো। মিথিলার কন্ঠ ভীষণ মিষ্টি আর সুরেলা। যে কারণে আমাদের আয়োজনটি হয়ে উঠেছিলো অন্যরকম।’

মোহনা টিভির পাশাপাশি আরো বেশ কয়েকটি স্যাটেলাইট চ্যানেলে এবং বিটিভিতেও উপস্থাপনা করেন নূসরাত। এদিকে আরো বেশ কিছু নতুন মৌলিক গান শিগগিরই প্রকাশ করতে যাচ্ছেন মিথিলা।

এরমধ্যে অভি মঈনুদ্দীনের লেখা ও সুরে একটি গান রয়েছে। গত ৩০ জুলাই নায়িকা ববিতার জন্মদিনে ‘দ্য বেস্ট টুয়েন্টিফোর’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়ে ‘আওয়ার ড্রিম গার্ল’ শিরোনামের একটি গান। এই গানেও কন্ঠ দিয়েছেন মিথিলা। সঙ্গে আরো গেয়েছেন রাশেদ, শান, জয়, শাপলা ও রাইসা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179222