মালয়েশিয়াকে ৮৯ রানের হারিয়েছে বাংলাদেশ 

মালয়েশিয়াকে ৮৯ রানের হারিয়েছে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল।

শনিবার (৮ আগস্ট) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি (হাই পারফরম্যান্স) দল। নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান করে এইচপি দল। এরপর সফরকারীদের ১৬ ওভারে ৬৯ রানেই আটকে দিয়ে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

টসে হেরে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের টপ অর্ডার ব্যাটাররা ভালো শুরু এনে দিতে পারেননি। তবে আব্দুল গাফফার সাকলাইনের কার্যকরী ব্যাটিং আর অধিনায়ক এস এম মেহরবের দায়িত্বশীল ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং এক সংগ্রহ পায় বাংলাদেশ। দুজনের ৫২ রানের জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৮ রান।

দ্বিতীয় ওভারেই রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন ওপেনার জিসান আলম। ৭ রানে প্রথম উইকেট হারানোর পাওয়ার প্লে'র শেষ ওভারে দলীয় ৪১ রানে আউট হন আরিফুল (১৫)। প্রথম ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৫০ রান।

অষ্টম ওভারের প্রথম বলেই আউট হন ১৮ বলে ২৮ রান করা জাওয়াদ আবরার। এরপর প্রীতম কুমারকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন সাব্বির রহমান। এরপর নবম ওভারে সীমানায় ক্যাচ দিয়ে আউট হন প্রীতমও। বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়া সাব্বির ফেরেন ১২ বলে ১৪ রান করে। ১০ ওভার শেষে ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

বিপদে পড়া দলকে টেনে তোলার দায়িত্ব নেন মেহরব ও বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। ষষ্ঠ উইকেটে তাদের ৪৩ বলে ৫২ রানের জুটিতে  ভর করেই বাংলাদেশ ১০০ রানের গণ্ডি পার করে। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ৫ উইকেটে ১১৫।

১৬তম ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে আউট হন সাকলাইন। সাজঘরে ফেরার আগে ২৬ বলে খেলে যান ৩২ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস। এই জুটিই এইচপি দলকে এনে দেয় লড়াইয়ের পুঁজি। এরপর বাকি কাজটা ঠিকঠাক করেন বোলাররাই।

প্রথম বলেই উইকেট নিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন আবু হায়দার রনি। মালেশিয়ার ওপেনার নাজমুস সাকিবের স্ট্যাম্প উড়িয়ে দেন এই পেসার। শুরুতেই ধাক্কা খাওয়া সফরকারীরা এরপর আর ঘুরে দাড়াতে পারেনি। দ্বিতীয় ওভারে দলটির আরেক ওপেনারকে বোল্ড করেন রুবেল হাসান।

স্কোরবোর্ডে ৫০ রান তোলার আগেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়া মালেশিয়া এরপর শুধু হারের ব্যবধানই কমিয়েছে। সর্বোচ্চ ২৫ বলে ২৯ করেন মালেশিয়ার আহমেদ আকিল ওয়াহিদ। বল হাতে দুটি করে উইকেট নেন রুবেল হাসান ও রাকিবুল হাসান।

সোমবার একই ভেন্যুতেই হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179188