মেহেরপুরে পরিত্যক্ত জমিতে একাধিক মাইনসদৃশ বস্তুর সন্ধান

মেহেরপুরে পরিত্যক্ত জমিতে একাধিক মাইনসদৃশ বস্তুর সন্ধান

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পরিত্যক্ত একটি জমিতে একাধিক মাইনসদৃশ বস্তুর সন্ধান পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে বেতবাড়িয়া গ্রামের কালু মালিথার পরিত্যক্ত জমিতে স্থানীয়রা মাইনসদৃশ কয়েকটি বস্তু দেখতে পান।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি কর্ডন করে নিরাপত্তা নিশ্চিত করেন।

ঘটনাটি জানাজানি হলে আশপাশের এলাকার অসংখ্য মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে একাধিক মাইনের বাক্সসদৃশ বস্তু রয়েছে।

এর ওপরে অন্তত ১০টি চাটকি পড়ে থাকতে দেখা গেছে। তবে এগুলো আসলে কী ধরনের বস্তু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সেখানে লেখা রয়েছে MPI 1967 MINE A/PERS ND P2 MK2 নামের একাধিক বক্স উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করবে। আপাতত নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা কর্ডন করে রাখা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179171