রদ্রির জন্য বার্সার ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফেরাল ম্যানসিটি
স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনার দেওয়া প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। তবে দুই ক্লাবের মধ্যে আলোচনা এখনো চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন প্রস্তাব নিয়ে আবারও আলোচনায় বসবে বার্সেলোনা।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, রদ্রির সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা।
এখন কেবল ম্যানচেস্টার সিটিকে রাজি করানোই বাকি। এর আগে কয়েক সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদও রদ্রিকে দলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
জানা গেছে, বার্সেলোনার প্রথম প্রস্তাবের মূল্য ছিল প্রায় ৫০ মিলিয়ন ইউরো। প্রস্তাবে নির্দিষ্ট অর্থের পাশাপাশি বিভিন্ন বোনাসও অন্তর্ভুক্ত ছিল।
তবে সেই প্রস্তাব গ্রহণ করেনি ম্যানচেস্টার সিটি। তবুও বার্সেলোনা আশাবাদী। কারণ আগামী গ্রীষ্মে রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এবং তখন তিনি ফ্রি এজেন্ট হয়ে যেতে পারেন।
বর্তমানে পরিবারের সঙ্গে স্পেনের ইবিজায় ছুটি কাটাচ্ছেন ৩০ বছর বয়সী রদ্রি।
এ সময়েই তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও রিয়াল মাদ্রিদের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি, বিভিন্ন সূত্রের দাবি, রদ্রির প্রথম পছন্দ বার্সেলোনায় যোগ দেওয়া।
এদিকে, নতুন মৌসুমকে সামনে রেখে দল শক্তিশালী করতে ব্যস্ত বার্সেলোনা। ইতোমধ্যে অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি ও জেসি বিসিউকে দলে নিয়েছে কাতালান ক্লাবটি। পাশাপাশি জোয়াও ক্যানসেলোকে স্থায়ীভাবে রেখে দেওয়ার চেষ্টা চলছে।
এছাড়া, রবার্ট লেভানডোভস্কির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হুলিয়ান আলভারেজকে দলে নিতে আবারও চেষ্টা করবে বার্সেলোনা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179135