পল্লবীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, চাপাতিসহ আটক ২
রাজধানীর পল্লবীতে দেশীয় অস্ত্রসহ মহড়া দেওয়ার সময় দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। আটকরা হলেন- মোনারুল ইসলাম (১৪) ও মো. রুহুল আমিন (১৫)। তারা রাজধানীর বাউনিয়াবাঁধ এলাকার বাসিন্দা।
শুক্রবার (৭ আগস্ট) পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।
সালাহউদ্দিন আল-মামুন বলেন, শুক্রবার পল্লবীর সেকশন-১১ এর টেম্পুস্ট্যান্ড এলাকায় ৪০ থেকে ৫০ জন সদস্যের একটি কিশোর গ্যাংয়ের গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে গ্যাংয়ের সদস্যরা পালানোর চেষ্টা করে।
এ সময় ধাওয়া দিয়ে মোনারুল ইসলাম ও মো. রুহুল আমিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে অন্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া। পাশাপাশি পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179134