পাবনার চাটমোহরে আমন রোপণে ব্যস্ত চাষিরা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে পাটকাটা শেষ না হতেই পুরোদমে শুরু হয়েছে আমন ধান রোপণের কাজ। মাঠে মাঠে এখন ব্যস্ত কৃষকরা। পাট কাটার পর জমিতে মই দিয়ে প্রস্তুত করা হচ্ছে। টানা বৃষ্টি উপেক্ষা করেই আমন ধানের চারা রোপণে মাঠে নেমেছেন চাষিরা।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৭ হাজার ৭৬০ হেক্টর জমিতে রোপা-আমন আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রায় ৪১৯ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করা হয়েছে। কৃষি বিভাগের আশা, হাইব্রিড ও উচ্চফলনশীল(উফশী) জাতের আবাদে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে। পাশাপাশি মোট আবাদও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ইতোমধ্যে এক-তৃতীয়াংশ জমিতে রোপা-আমন রোপণ সম্পন্ন হয়েছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগ প্রণোদনা কর্মসূচি ও আধুনিক জাতের প্রদর্শনী প্লট স্থাপন করেছে।
মথুরাপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের কৃষক আজির উদ্দিন জানান, বগুড়া অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনি তিন বিঘা জমিতে ব্রি ধান-১০৩-এর প্রদর্শনী প্লট করেছেন। এছাড়া ব্রি ধান-৮৭, বিনা ধান-২০সহ বিভিন্ন জাত মিলিয়ে ১১ বিঘা জমিতে আমনের আবাদ করেছেন। মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামের কৃষক আকতার হোসেন বলেন, ব্রি ধান-৮৭, ৯০, ৯৫, ১০৩ এবং তেজগোল্ড, জনকরাজ, শক্তি, সুরভিসহ বিভিন্ন হাইব্রিড জাতের আবাদ করেছেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ বলেন, চলতি মৌসুমে রোপা-আমন রোপণের কাজ দ্রুত এগিয়ে চলছে। কৃষকদের সুষম সার ব্যবহারের পাশাপাশি লাইন পদ্ধতিতে চাষ, ক্ষেতে ডাল পুঁতে পোকা দমন(পার্চিং) এবং পানি সাশ্রয়ী অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং(এডব্লিউডি) পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে রোপা-আমনের আবাদ হবে বলে আশা করা হচ্ছে। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। অনুকূল আবহাওয়া বজায় থাকলে এ বছর ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179124