রংপুরের মিঠাপুকুরে চাকরি থেকে ইস্তফা দিয়ে বেতনের টাকা ফেরত দিল প্রভাষক এরশাদুজ্জামান
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে চাকরিতে ইস্তফা দিয়ে তিন মাসের বেতনের টাকা ফেরত দিয়েছেন উপজেলার জায়গীরহাট ফখরুল উলুম আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মো. এরশাদুজ্জামান। জানা যায়, এরশাদুজ্জামান ২০২২ সালের গত ৬ ফেব্রুয়ারি আরবি বিষয়ের প্রভাষক পদে জায়গীরহাট ফখরুল উলুম আলিম মাদ্রাসায় যোগদান করেন।
এদিকে, দীর্ঘ ৩ মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলনের ঘটনা জানাজানি এবং একইসাথে দুই প্রতিষ্ঠানে চাকরি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমন অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসার অধ্যক্ষ মো. ফয়েজ উদ্দিন একইসাথে দুই প্রতিষ্ঠানে চাকরি করার ব্যাখা তলব করেন।
প্রভাষক মো. এরশাদুজ্জামান কোন জবাব না দিয়ে জায়গীরহাট ফখরুল উলুম আলিম মাদ্রাসায় চাকরির ইস্তফা দিয়ে গত ৩ আগস্ট ৩ মাসের বেতনের সমমান ৯৫ হাজার ৫শ’ টাকা ব্যাংক চালানের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত দেন।
এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় প্রভাষক মো. এরশাদুজ্জামানের বক্তব্য নেয়া যায়নি। জায়গীরহাট ফখরুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. ফয়েজ উদ্দিন বলেন, তথ্য গোপন করে কেউ দুই প্রতিষ্ঠানে চাকরি করলে এর দায় তাকেই বহন করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ বলেন, মাদ্রাসা পরিদর্শন করে নথিপত্র তলব করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179109