পাবনার চাটমোহরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

পাবনার চাটমোহরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাসুদ রানা (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের পারচাটরা গ্রামে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে শিশুর বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, এদিন সকাল ৮টার দিকে ভুক্তভোগী শিশু(৯) প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে দূর সম্পর্কিয় আত্মীয় মাসুদ রানা তাকে ডেকে নিয়ে কথা বলার একপর্যায়ে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হলে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় প্রতিবেশী এক মহিলা দেখে ফেললে মাসুদ রানা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। বিষয়টি জানাজানি হলে শিশুর বাবা চাটমোহর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. অলিউর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরই মামলা রেকর্ড করে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179105