বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, তিনজনের জেল-জরিমানা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৫শ’ গ্রাম গাঁজাসহ সুরুজ হোসেন (৪২) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছাতিয়ানগ্রাম ইসবপুর ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা তল্লাশিকালে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
সুরুজ হোসেন নওগাঁ সদরের পার বোয়ালা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। অপরদিকে গাঁজা ও চোলাইমদসহ আটক তিন মাদককারবারিকে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা করে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুরের তিলকপুর এলাকা থেকে সান্তাহারের উদ্দেশ্যে মাদকের চালান আসছে। এমন গোপন সংবাদেরভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম উপজেলার ছাতিয়ানগ্রাম ইসবপুর ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে অবস্থান নেয় এবং বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করে।
এসময় নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশিকালে যাত্রীবেশে থাকা সুরুজ হোসেনের কোমরে বিশেষ কায়দায় বাঁধা পলিথিনে মোড়ানো ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় গ্রেফতার সুরুজ হোসেনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
অপরদিকে আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ আটক তিন মাদক কারবারিকে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা করে অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো-নওগাঁ সদরের রজাকপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফজলে রাব্বী (৩১), একই এলাকার লবির হোসেনের ছেলে শাইফুল ইসলাম (৩১) এবং হাজীর আমবাগান এলাকার মৃত বাসিক আলীর ছেলে মুন্না হোসেন (২৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে উল্লেখিত তিনজনকে ১শ’ গ্রাম গাঁজা ও দুই লিটার চোলাইমদসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১শ’ টাকা করে জরিমানা করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179098