সিরাজগঞ্জের তাড়াশে সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মিলন মিয়া(৩৩) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে বেড়খারী এলাকার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিলন মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমার বাড়ি জাঙ্গালিয়া গ্রামের সোলেমান আলীর ছেলে। তবে তিনি দীর্ঘদিন বগুড়া সদরের জামিল নগর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন এবং বগুড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিলন মিয়া গত ২ আগস্ট বগুড়া সদরের চারমাথা এলাকা থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা বেলতলা এলাকায় রওনা হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করার সময় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পেরে ঘটনাস্থলে এসে মিলনের লাশ শনাক্ত করেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইমাম জাফর জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179076