জয়পুরহাটের কালাইয়ে ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে বাবার মৃত্যু
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে বৈদ্যুতিক তারে জড়িয়ে বাবা জামাল উদ্দিনের (৪৮) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামের শালুকগাড়ী পুকুরে এ ঘটনা ঘটেছে। নিহত জামাল উদ্দিন ইটাতলা গ্রামের জপো উদ্দিনের ছেলে।
প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার রাতে শালুকগাড়ী পুকুরের পানি কমাতে বাড়ি থেকে বিদ্যুতের লাইন টেনে বরেন্দ্র পাম্প সেট করে জামাল উদ্দিন। সারারাত পাম্প চালিয়ে পানি কমলে সকালে তার ছেলে রাসেল (১১) পাম্পের লাইন খুলে দিতে পুকুরে নামেন। এ সময় বাবা জামাল উদ্দিন পুকুর পাড়ে দঁড়িয়ে ছিলেন। পুকুরে নামার পর ছেলে বাঁচাও বলে চিৎকার করলে বাবা জামাল উদ্দিন ছেলেকে বাঁচাতে পাড় থেকে পুকুরে ঝাপিয়ে পড়েন।
এ সময় বরেন্দ্র পাম্পের ছেড়া-ফাঁটা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাবা জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন । গুরুত্বর আহত ছেলে রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালাই থানার ওসি তদন্ত দিপেন্দ্রনার্থ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179073