বনানীতে মশাল মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগ-সহযোগী সংগঠনের ৭ জন আটক
রাজধানীর বনানীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের বনানী থানা। এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার ও ৭৭টি মুখোশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, রাত ১২টার দিকে বনানী থানা পুলিশ খবর পায়, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে মহাসড়কের পাশে প্রায় ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ।
এ সময় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সাতজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটক ব্যক্তিরা হলেন, মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং আইনের সংঘাতে জড়িত চার শিশু।
বনানী থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৭০টি মশাল, একটি ব্যানার ও ৭৭টি মুখোশ জব্দ করা হয়েছে। মিছিলের আয়োজক ও আটক সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পুলিশের দাবি, রাজধানীতে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপতৎপরতা ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179040