গাজায় ৩০০ দিনে ৩০০ শিশু নিহত: ইউনিসেফ  

গাজায় ৩০০ দিনে ৩০০ শিশু নিহত: ইউনিসেফ  

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় গত ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। অর্থাৎ এই সময়ে প্রতিদিন গড়ে একজন শিশু প্রাণ হারিয়েছে। উপত্যকায় গোলাবর্ষণ ও নৌবাহিনীর হামলাসহ তীব্র সামরিক অভিযান অব্যাহত থাকায় বেসামরিক নাগরিকরা হতাহতের শিকার হচ্ছেন। খবর আরব নিউজের

বৃহস্পতিবার (৬ আগস্ট) ইউনিসেফ জানায়, ৩০০ শিশু নিহত ছাড়াও একই সময়ে আরও শত শত শিশু আহত হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, গাজার শিশুরা এখনও অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে বসবাস করছে। অতিরিক্ত ভিড়ের আশ্রয়কেন্দ্র, নিরাপদ পানির সীমিত সরবরাহ এবং স্বাস্থ্যসেবায় পর্যাপ্ত প্রবেশাধিকার না থাকায় তাদের জীবন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা এবং ইসরায়েলি সামরিক অভিযান ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও জীবিকায় ক্রমাগত প্রভাব ফেলছে বলে সতর্ক করেছে ওসিএইচএ।

হেবরনের মাসাফের ইয়াত্তা এলাকার তুবা নামের একটি ফিলিস্তিনি জনপদে রাতভর ইসরায়েলি বসতিস্থাপনকারীরা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে সংস্থাটি। এতে ১৪ শিশুসহ তিনটি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। তারা নিরাপত্তার জন্য আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে।

হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে। এছাড়া হামলায় একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ১০ টন পশুখাদ্য এবং অন্যান্য সম্পদও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ওসিএইচএ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত ইসরায়েলি বসতিস্থাপনকারীদের ১ হাজার ৩৮০টির বেশি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব ঘটনায় হতাহত, সম্পদের ক্ষয়ক্ষতি অথবা উভয় ধরনের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের ২৫০টি জনপদে প্রতিদিন গড়ে ছয় থেকে সাতটি এমন ঘটনা ঘটেছে।

ওই সময়ের মধ্যে বসতিস্থাপনকারীদের হামলা এবং সংশ্লিষ্ট চলাচল-নিষেধাজ্ঞার কারণে ২ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে ওসিএইচএ। ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত এবং তাদের ওপর হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179027