এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান পঞ্চাশ পেরোনো আমিশা

এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান পঞ্চাশ পেরোনো আমিশা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল জীবনের পঞ্চাশ বছর পার করেছেন। এই বয়সে এসে যেখানে অনেকেই সংসার ও পরিবার নিয়ে নতুন স্বপ্ন দেখেন, সেখানে আমিশার পছন্দ নিজের মতো করে স্বাধীন জীবনযাপন। ‘কহো না... পেয়ার হ্যায়’খ্যাত এই অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের কোনো তাগিদ তিনি অনুভব করছেন না; বরং সিঙ্গেল জীবনেই বেশ সুখী তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আস্কঅ্যামি’ পর্বে এক ভক্ত আমিশার কাছে জানতে চান, তিনি কবে বিয়ে করবেন। জবাবে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, ‘কখনোই না।’ তিনি জানান, একা থাকতেই তিনি ভীষণ খুশি। তার আশপাশে প্রায় ১০০ জন কাছের মানুষ ও বন্ধু রয়েছেন, যারা তাকে ভালোবাসেন। জীবনে কোনো পুরুষ এসে সেই সম্পর্কগুলো বদলে দিক, তা তিনি চান না।

তবে বিয়ে নিয়ে আমিশার অবস্থান সবসময় এমন ছিল না। এর আগে এক পডকাস্টে চলচ্চিত্রে আসার আগের একটি গভীর সম্পর্কের কথা জানিয়েছিলেন তিনি। আমিশার ভাষ্য অনুযায়ী, তার সেই প্রেমিক চাননি তিনি চলচ্চিত্র ও গ্ল্যামার জগতে যুক্ত হন। শেষ পর্যন্ত ভালোবাসার পরিবর্তে ক্যারিয়ারকে বেছে নিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী।

সেই সম্পর্কের প্রসঙ্গে আমিশা বলেছিলেন, যারা সত্যিকার অর্থে ভালোবাসেন, তারা প্রিয় মানুষের ক্যারিয়ারের উন্নতিও চান। ক্যারিয়ারের জন্য যেমন তাকে অনেক কিছু হারাতে হয়েছে, তেমনি ভালোবাসার জন্যও অনেক ছাড় দিয়েছেন বলে জানান তিনি।

আমিশা আরও জানিয়েছিলেন, তার সাবেক প্রেমিক দক্ষিণ মুম্বাইয়ের একটি প্রভাবশালী শিল্পপতি পরিবারের সন্তান ছিলেন। তাদের পারিবারিক ও শিক্ষাগত পটভূমিতেও মিল ছিল। কিন্তু ওই ব্যক্তি তাকে জনসম্মুখে পরিচিত একজন তারকা হিসেবে দেখতে চাননি। ফলে সম্পর্কের চেয়ে নিজের পেশাগত স্বপ্নকেই অগ্রাধিকার দেন আমিশা।

যদিও বর্তমানে বিয়েতে অনাগ্রহের কথা জানাচ্ছেন, অতীতে যোগ্য কাউকে পেলে বিয়েতে আপত্তি নেই বলেও মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠিত পরিবার থেকে এখনো বিয়ের প্রস্তাব আসে বলেও জানিয়েছিলেন তিনি। তার মতে, জীবনসঙ্গীর ক্ষেত্রে বয়সের চেয়ে মানসিক পরিপক্বতাই বেশি গুরুত্বপূর্ণ।

ক্যারিয়ারের দীর্ঘ সময়ে আমিশা প্যাটেলের সঙ্গে একাধিক ব্যক্তির প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে নির্মাতা বিক্রম ভাটের সঙ্গে তার সম্পর্কই সবচেয়ে বেশি আলোচিত ছিল। ২০০০ সালের দিকে তাদের সম্পর্ক নিয়ে বলিউডে ব্যাপক আলোচনা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179019