ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীতিমালা
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ভিসা, গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন সুবিধার আবেদনের ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে আবেদন জমা দেওয়ার সময়ই সংশ্লিষ্ট সুবিধা পাওয়ার যোগ্যতার প্রয়োজনীয় প্রমাণ ও নথি দিতে হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ (ইউএসসিআইএস) জানায়, আবেদনকারীদের শুরুতেই তাদের যোগ্যতার পক্ষে প্রয়োজনীয় প্রাথমিক নথি জমা দিতে হবে। এসব নথি বা যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হলে অতিরিক্ত তথ্য চেয়ে ‘রিকোয়েস্ট ফর এভিডেন্স’ (আরএফই) বা ‘নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই’ (এনওআইডি) দেওয়ার সুযোগ ছাড়াই আবেদন বাতিল করা হতে পারে।
ইউএসসিআইএস জানিয়েছে, প্রতিটি অভিবাসন সুবিধার আবেদনপত্র ও নির্দেশিকায় প্রয়োজনীয় নথির তালিকা উল্লেখ থাকে। তাই আবেদনকারীদের শুরুতেই সম্পূর্ণ আবেদন ও প্রয়োজনীয় প্রমাণ জমা দেওয়ার সুযোগ রয়েছে।
সংস্থাটির দাবি, নতুন নীতিটি অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের দীর্ঘদিনের নিয়ন্ত্রক ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা আরও শক্তিশালী হবে এবং যথাযথ ভিত্তি ছাড়া আবেদন জমা দেওয়ার প্রবণতা কমবে।
নতুন নীতিটি বাইডেন প্রশাসনের সময় চালু করা একটি পদ্ধতির পরিবর্তে কার্যকর করা হয়েছে। আগের নীতিতে কোনো আবেদন অসম্পূর্ণ থাকলে বা প্রয়োজনীয় প্রমাণের ঘাটতি থাকলেও আবেদন বাতিলের আগে কর্মকর্তাদের আবেদনকারীকে আরএফই পাঠানোর বিষয়ে উৎসাহিত করা হতো।
বুধবার নীতিটি জারির পরই তা কার্যকর হয়েছে। বিদ্যমান আইন বা ইউএসসিআইএসের নীতিতে ভিন্ন কোনো নির্দেশনা না থাকলে, ২০২৬ সালের ৫ আগস্ট বা তার পর জমা দেওয়া এবং ওই সময় পর্যন্ত বিচারাধীন থাকা অভিবাসন-সুবিধার আবেদনগুলোর ক্ষেত্রেও নতুন নীতিটি প্রযোজ্য হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179014