নওগাঁর রাণীনগরে বীজতলা প্রস্তুত থাকলেও আমন  চারা রোপণ করতে পারছে না চাষিরা  

নওগাঁর রাণীনগরে বীজতলা প্রস্তুত থাকলেও আমন  চারা রোপণ করতে পারছে না চাষিরা  

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চলতি রোপা-আমন মৌসুমে প্রায় ১হাজার হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত থাকলেও উপজেলার কয়েকটি ইউনিয়নে রোপা-আমন মৌসুমের আবাদযোগ্য জমি বন্যার পানিতে তলিয়ে থাকায় পুরোদমে ধান লাগাতে পারছেন না চাষিরা। ধীর গতিতে পানি নামতে শুরু করলেও ধান লাগানোর মতো পরিবেশ তৈরি না হওয়ায় লক্ষ্য মাত্রা অর্জনের আশঙ্কা দেখা দিয়েছে। 

উপজেলার গোনা ইউনিয়নের ভবাণীপুর গ্রামের আব্দুস ছানা, লতিফ শেখ, শহিদুল চৌধুরীসহ বেশ কয়েকজন কৃষক জানান, রোপা-আমন লাগানোর উপযোগী আবহাওয়া থাকায় আমরা সুযোগ বুঝে উচুঁ জমিগুলোতে ধান লাগানো শুরু করেছি। তবে মাঠের নিচু জমিতে কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানি থাকায় চারা হাতে থাকলেও ধান লাগানো যাচ্ছে না।  

রাণীনগর উপজেলা কৃষি অফিসার মোস্তাকিমা খাতুন জানান, চলতি মৌসুমে এই উপজেলায় প্রায় ১৯হাজার ৭০ হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে ৫হাজার হেক্টর জমিতে ধান লাগানো হয়েছে। ৮টি ইউনিয়নের মধ্যে প্রায় ৫টি ইউনিয়নের বড় অংশ আবাদযোগ্য জমি পানিতে তলিয়ে আছে। 

তাই এই জমিগুলোতে চাষিরা সঠিক সময়ে ধান লাগাতে পারছে না। যেহেতু আমাদের হাতে এখনো সময় আছে সেহেতু হতাশা হওয়ার কিছু নেই। টানা কয়েকদিন রোদ হলেই নিম্নঞ্চলের পানিগুলো কমে যাবে। তাই আমরা এখনো লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদী। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178998