চলনবিলে নৌকা ভ্রমণে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে মানুষ

চলনবিলে নৌকা ভ্রমণে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে মানুষ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশের বৃহৎ বিল তার নাম ‘চলনবিল’ আটটি জেলার সমন্বয়ে গঠিত ওই বিল। এখন ভরা বর্ষা মৌসুম সমস্ত বিল জুড়ে পানি আর পানি। 

বিলের পানিতে নৌকা ভ্রমণের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে ভ্রমণ পিপাসুরা। অনেকে কর্মব্যস্ত জীবন থেকে একটু ক্লান্তি দূর করার জন্য পরিবার পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র-ছাত্রীদের নিয়ে নৌকা ভ্রমণে আসছেন হাজারও মানুষ।

বিলের মাঝে অবস্থিত দর্শনীয় স্থান গুরুদাসপুর উপজেলার বিলসা পয়েন্ট, হাটিকমরুল-বনপাড়া মহাসড়কের ওপর নির্মিত ৯নং ও ১০নং ব্রিজ, শাহশরীফ জিন্দানী (র.) মাজার প্রাঙ্গন, কুন্দইল পয়েন্ট, সিংড়ার তিশিখালিতে অবস্থিত ঘাসি দেওয়ানের মাজার এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে। তাড়াশ উপজেলার দোবিলা ব্রিজ, মান্নান নগর, দিঘীসগুনাসহ বিভিন্ন স্থানের নৌকার ঘাটে সকাল থেকেই বিভিন্ন ধরনের নৌকা নিয়ে ভ্রমণ পিপাসুদের জন্য অপেক্ষা করতে থাকেন মাঝিরা। লোকসংখ্যা অনুপাতে বিভিন্ন ধরনের ছোট-বড় নৌকা ভাড়া পাওয়া যায়। 

দোবিলা নৌকা ঘাটের মাঝি সমশের আলী জানান, আমাদের এই ঘাটে সাউন্ডবক্স, রান্না করার জন্য গ্যাসসহ সমস্ত সরঞ্জাম মিলে বড় ধরনের নৌকা দিনব্যাপী ২ থেকে ৩ হাজার টাকা ভাড়া দিতে হয়। অনেকে ছোট নৌকা ঘন্টা অনুযায়ী ভাড়া নিয়ে থাকেন। প্রতি ঘন্টা ২শ’ থেকে ২৫০টাকায় পাওয়া যায়।

তাড়াশ রায়গঞ্জের সংসদ সদস্য ভিপি আয়নুল হক জানান, চলনবিলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল চলনবিলে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার। তিনি সংসদ সদস্য নির্বচিত হবার পরেই ‘চলনবিল ইকোটুরিজন’ নামে একটি প্রকল্প পর্যটন মন্ত্রণালয়ে দাখিল করেছেন। যার সম্ভাব্য যাচাই করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আফরোজা খানম রিতা প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামান এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান ফাহমিদা আখতার  আগামী ৮ আগস্ট চলনবিলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পর্যবেক্ষণ করবেন। তিনি আরও জানান, তিনি আশাবাদী সরকার অবশ্যই প্রকল্পটি গ্রহণ করে চলনবিলবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করবেন। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178980