ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল ওই এলাকার মো. আবুল কালামের ছেলে। তিনি দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের মেঝের কাজের জন্য পুকুরে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করা হয়েছিল। দুপুরে মোটরের সঙ্গে বৈদ্যুতিক সুইচ বোর্ডের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রাসেল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাসেলের বাবা মো. আবুল কালাম বলেন, “আমার চারটি মেয়ে ও একটি মাত্র ছেলে। সে এ বছর দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। খুবই মেধাবী ছিল। তাকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।”
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাসীর বিল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই রাসেলের মৃত্যু হয়েছে।
দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন বলেন, “রাসেল আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178979