খালাসের পাঁচ বছর পর ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত ভারতীয় সাংবাদিক

খালাসের পাঁচ বছর পর ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত ভারতীয় সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অনুসন্ধানী ম্যাগাজিন ‘তেহেলকা’র সাবেক সম্পাদক তরুণ তেজপালকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি আদালত। এর মাধ্যমে ২০২১ সালে দেওয়া তার খালাসের রায় বাতিল হলো।

বৃহস্পতিবার (৬ আগস্ট) গোয়ায় অবস্থিত বোম্বে হাইকোর্টের বেঞ্চ জানায়, ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ ও যৌন হয়রানিসংক্রান্ত ধারায় তেজপালকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার সাজা পরে ঘোষণা করা হবে। তবে তেজপাল শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি চাইলে এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করতে পারবেন। ভারতের আইন অনুযায়ী, ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করা যায় না। অভিযোগে বলা হয়, ২০১৩ সালের নভেম্বরে গোয়ায় ‘তেহেলকা’ আয়োজিত একটি অনুষ্ঠানের সময় লিফটের ভেতরে ওই সহকর্মীকে যৌন নির্যাতন করেন তেজপাল।

২০২১ সালে গোয়ার একটি নিম্ন আদালত তার বিরুদ্ধে আনা সব অভিযোগ থেকে তাকে খালাস দেয়। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করে গোয়া সরকার। গোয়া সরকারের পক্ষে আদালতে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা তেজপালের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তিনি আদালতে বলেন, ‘এই আদালতের এমন বার্তা দেওয়া উচিত যে, কোনো নারী ‘না’ বললে তার অর্থ ‘না’। ‘না’ মানেই ‘না’।’ রায় ঘোষণার পর তরুণ তেজপাল বলেন, ‘আমার বয়স এখন ৬২ বছর। আমি বিশ্বাস করি, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমি দুই মেয়ের বাবা, আমার স্ত্রী আছেন।’

তিনি বলেন, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব। আমার আইনজীবী আদালতের কাছে আমার প্রতি সহানুভূতি দেখানোর অনুরোধ জানাতে বলেছেন।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178939