বগুড়ায় অবৈধ সীসা তৈরি কারখানার ২ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

বগুড়ায় অবৈধ সীসা তৈরি কারখানার ২ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রামে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) নন্দীগ্রাম উপজেলার রণবাঘায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে ওই কারখানাকে ২ লাখ টাকা জরিমানা এবং কারখানার সমস্ত কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রণবাঘায় দীর্ঘদিন ধরে খোলা জায়গায় পুরাতন ব্যাটারি গলিয়ে ঝুঁকিপূর্ণভাবে সীসা তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(গ) ধারা লঙ্ঘনে ১৫(১) এর ক্রমিক নং-০৬ অনুযায়ী ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের দায়ে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা ধার্য এবং তাৎক্ষণিক আদায় করা হয়।

মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাদ হোসেন। মামলায় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যত্রতত্র খোলা জায়গায় অবৈধভাবে ব্যাটারি গালানো এবং এসিড মিশ্রিত পানি অপসারণ পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এসব ক্ষতিকর রাসায়নিক জনজীবন, জীববৈচিত্র্য, কৃষি উৎপাদনসহ সামগ্রিক পরিবেশ ও প্রতিবেশের ওপর দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব ফেলে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178937