ইংল্যান্ড ছেড়ে নতুন গন্তব্যে হামজা!
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে দীর্ঘ ক্যারিয়ারের পর এবার নতুন গন্তব্য হতে পারে আজারবাইজান। বাংলাদের ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীকে দলে নিতে আগ্রহী দেশটির শীর্ষ লিগের ক্লাব সাবাহ এফসি। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ব্যক্তিগত শর্তে দুই পক্ষের সমঝোতাও হয়ে গেছে। তবে দলবদলের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোনো পক্ষ।
হামজা চৌধুরীর ক্লাব-ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম অফসাইডপ্লাস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছেড়ে দেশটির শীর্ষ লিগের ক্লাব সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে দলবদলটি এখনো আনুষ্ঠানিক রূপ পায়নি। লেস্টার সিটি কিংবা সাবাহ এফসি; কোনো ক্লাবই এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে হামজার সম্ভাব্য এই দলবদল নিয়ে আরও অপেক্ষা করতে হবে সমর্থকদের।
প্রতিবেদন অনুযায়ী, কয়েক সপ্তাহ ধরেই হামজাকে নিয়ে আলোচনা চালিয়ে আসছিল সাবাহ এফসি। শেষ পর্যন্ত ব্যক্তিগত শর্তে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে বলেও দাবি করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষ হলে নতুন মৌসুমে আজারবাইজানের ক্লাবটির জার্সিতেই দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় দলের এই মিডফিল্ডারকে। গত মৌসুমে লেস্টার সিটির হয়ে না খেলে ধারে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন হামজা। এর আগে ওয়াটফোর্ডেও ধারে খেলেছেন তিনি। তবে লেস্টার সিটির জার্সিতেই তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় সময় কেটেছে।
লেস্টারের হয়ে ২০২১ সালে এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছেন হামজা। একই বছরে জিতেছেন এফএ কমিউনিটি শিল্ডও। পরে ২০২৩-২৪ মৌসুমে লেস্টারের চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ স্কোয়াড সদস্য ছিলেন তিনি।
ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো। হামজা যদি সাবাহ এফসিতে যোগ দেন, তাহলে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগও পাবেন। আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি ইতিমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ড পেরিয়ে তৃতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। ফলে নতুন ক্লাবে যোগ দিলে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার বাছাইপর্বেও মাঠে নামার সম্ভাবনা থাকবে তার।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178927