খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী শিবলী গ্রেপ্তার
খুলনায় সন্ত্রাসী শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও খুলনা সদর থানা পুলিশ। মহানগরীর মোতলেবের মোড় এলাকায় আব্দুল হক হাওলাদারকে গুলিবর্ষণের ঘটনার তদন্তে তাকে গ্রেপ্তার করে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কেএমপি ডিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।
ডিবি জানিয়েছে, গত ৪ আগস্ট ভোর পৌনে ৪টার দিকে খুলনা থানার মোতলেবের মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হক হাওলাদার আহত হন।
তদন্তের ধারাবাহিকতায় ডিবি ও খুলনা থানা পুলিশের একটি যৌথ দল নিরালা আবাসিক এলাকার রোড নম্বর–২৯-এর একটি বাসায় অভিযান চালিয়ে শিবলী হোসেন রুবেলকে গ্রেপ্তার করে।এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার রুবেল সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধমূলক মামলার তথ্য রয়েছে।