চট্টগ্রামের পটিয়ায় মুদি দোকানে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের পটিয়ায় মুদি দোকানে  অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের পটিয়ায় এক মার্কেট অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান ভস্মীভূত হয়েছে।

আজ বুধবার (৫ আগস্ট) ভোরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের সত্তার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক আবদুল মজিদ।

তার দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এক প্রতিবেশী তার দোকানে আগুন দিয়েছেন। এ ঘটনায় ওই প্রতিবেশীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন আবদুল মজিদ।

জানা যায়, হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমিরবাড়ি এলাকার বাসিন্দা আবদুল মজিদ (৬৭) একই এলাকার সত্তার মার্কেটে ‘মজিদ স্টোর’ নামে একটি মুদি দোকান পরিচালনা করেন।

বুধবার ভোরে পরিচিত এক ব্যক্তি তাকে ফোন করে দোকানে আগুন লাগার খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিক আবদুল মজিদ জানান, এক প্রতিবেশীর সঙ্গে তার জমিজমা-সংক্রান্ত বিরোধ রয়েছে। এ কারণে তিনি সন্দেহ করছেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার দোকানে আগুন লাগিয়ে ক্ষতিসাধন করা হয়েছে।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেষ বড়ুয়া জানান, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে যদি কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178888