উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে বসতঘরের ওপর পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমার খোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

মারা যাওয়া শিশু নুনুশি (৭) একই এলাকার জামাত হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাত থেকে উখিয়াসহ কক্সবাজারে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন পাহাড়ের ঢাল ও খাদসংলগ্ন বসতঘরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরই মধ্যে বুধবার দুপুরে তানজিমার খোলা ১৩ নম্বর ক্যাম্পের এফ-৫ ব্লকে আকস্মিক পাহাড়ধসের ঘটনা ঘটে।

এপিবিএন ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন বলেন, পাহাড়ধসে মাটির সঙ্গে আসা কয়েকটি পাথরও জামাত হোসেনের বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা নুনুশি মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে এপিবিএন পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178878