এনসিপি নেতা তানভীরের ওপর আদালত চত্বরে ডিম নিক্ষেপ

এনসিপি নেতা তানভীরের ওপর আদালত চত্বরে ডিম নিক্ষেপ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে তাকে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মেহেদী হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে আদালত চত্বরে গাজী সালাউদ্দিন তানভীরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা গেছে, বুধবার ভোরে রাজধানী ঢাকার মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে বগুড়ার আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিলে ডিবির গাড়িতে তোলার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিউল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভ করা হয়।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিউল ইসলাম জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালতের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেলেন। এ ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে সদর থানায় মামলাটি করেন।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, সাইবার সুরক্ষা আইনে করা মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে অভিযুক্ত গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178863