জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিটিভির দিনব্যাপী বিশেষ আয়োজন
বিনোদন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি, রক্তক্ষয়ী চেতনা ও বীরদের মহান আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। বিটিভির পর্দায়জুড়ে থাকবে কবিতা আবৃত্তি, সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান, বিশেষ আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচির সরাসরি সম্প্রচার।
এর পাশাপাশি দিনভর সম্প্রচার করা হবে গণঅভ্যুত্থানের ওপর নির্মিত নানা ধরনের বিশেষ ফিলার। বিটিভির সময়সূচি অনুযায়ী, বিকেল ৪টা ০৫ মিনিটে জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় সম্প্রচারিত হবে কবিতা পাঠের অনুষ্ঠান। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে ইয়াসমিন আক্তারের প্রযোজনায় প্রচারিত হবে বহুল আলোচিত 'আয়নাঘর'-এর দুঃসহ স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে নির্মিত সাক্ষাৎকারভিত্তিক বিশেষ অনুষ্ঠান।
সন্ধ্যা ৭টায় আফরোজা সুলতানার প্রযোজনায় দর্শকরা দেখতে পাবেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানভিত্তিক কবিতা আবৃত্তির অনুষ্ঠান। রাতের আয়োজনেও থাকছে একাধিক বিশেষ অনুষ্ঠান। রাত ৮টা ৫০ মিনিটে হাসান রিয়াদের প্রযোজনায় প্রচারিত হবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার কেন্দ্রিক বিশেষ আলোচনা অনুষ্ঠান।
রাত ১০টায় মাহবুবা জ্যামিনের প্রযোজনায় নাচ, গান ও আলোচনার মনোজ্ঞ সমন্বয়ে নির্মিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচার করা হবে। এছাড়া রাত ১১টায় মোস্তাফিজুর রহমানের প্রযোজনায় থাকছে আরও একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান। নিয়মিত ও স্টুডিওভিত্তিক আয়োজনের বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচি সরাসরি সম্প্রচার করবে বিটিভি।
এর মধ্যে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দিবসটি উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। মূলত জুলাই গণঅভ্যুত্থানের সত্য ইতিহাস ও চেতনাকে তরুণ প্রজন্মের হৃদয়ে ছড়িয়ে দিতেই বিটিভি তাদের দিনব্যাপী এই বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178849